সিলেটের কানাইঘাটে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক রোগী চোখের চিকিৎসাসেবা নিয়েছেন। পাশাপাশি প্রায় দেড় শতাধিক ছানি আক্রান্ত রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার বুরহান উদ্দিন বাজারস্থ গাজী বুরহান উদ্দিন (রহ.) জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নারী, পুরুষ ও বয়স্ক রোগীরা চিকিৎসাসেবা নিতে শিবিরে ভিড় করেন। প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের ফ্রান্স শাখার অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করে পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য তালিকাভুক্ত করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ছালিম আছলাম বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান হোসাইনী বলেন, গত এক যুগ ধরে এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
চক্ষু শিবির বাস্তবায়নে সহযোগিতা করে মৌলভীবাজারের বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল।
এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহসভাপতি তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সংগঠনের সভাপতি মাওলানা বিলাল উদ্দিন, উপদেষ্টা আবুল কালাম, তাজ উদ্দিন, সাইদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের জন্য প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে আত্মমানবতার সেবার প্রত্যয় নিয়ে এলাকার ছাত্র, তরুণ, যুবসমাজ ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকার আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার, বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ এবং মসজিদভিত্তিক বৃত্তি প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০১৬ সাল থেকে প্রতিবছর সংগঠনটি বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করছে। এ পর্যন্ত কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ বিনা খরচে চোখের লেন্স সংযোজন ও ছানি অস্ত্রোপচারের মতো ব্যয়বহুল চিকিৎসাসেবা প্রদান করেছে সংগঠনটি। ঝিঙ্গাবাড়ি এলাকার আটটি গ্রামের মানুষের সমন্বয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।