২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের ফল রপ্তানি করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে ফল রপ্তানি করে বাংলাদেশ। এ ছাড়া জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ইতালি, কুয়েত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সুইডেন, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশ ও অঞ্চলেও ফল রপ্তানি করছে বাংলাদেশ।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমসহ কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা, বাজার সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণের লক্ষ্যে ২০২৩ সালের ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে আম ও আমজাত পণ্যের রপ্তানি সুযোগ ও বহুমুখীকরণ শীর্ষক সেমিনার আয়োজন করে ইপিবি। এ ছাড়া ২০২৫ সালের ২০ মে ইপিবির ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয় আমচাষি, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।’
মন্ত্রী বলেন, ‘বিশেষ করে চীনে আম রপ্তানিসহ কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে রপ্তানিকারকদের সার্বিক সহযোগিতা দিয়েছে ইপিবি। ইপিবির সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের মেরিডিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড জিএসিসির নিবন্ধন পেয়েছে।’
তিনি জানান, সেফ ইন্টারন্যাশনাল করপোরেশন এবং এমটিবি অ্যাগ্রো অ্যান্ড গার্ডেনের দাখিল করা প্রশ্নমালাও প্রক্রিয়াকরণ করে ২০২৩ সালের ৭ জুন চীনে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সেলরের কাছে পাঠানো হয়।
মন্ত্রী জানান, কৃষিপণ্য রপ্তানির প্রয়োজনীয় অবকাঠামো ও প্রক্রিয়া পর্যালোচনার জন্য ইপিবির ভাইস চেয়ারম্যান ২০২৬ সালের ২২ জুলাই ঢাকার গাবতলীতে অবস্থিত ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। এছাড়া ২০২৬ সালের ১০ আগস্ট চীনসহ আন্তর্জাতিক বাজারে আম, কাঁঠাল ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি, জিএসিসি নিবন্ধন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ইপিবির একটি সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘জিএসিসি নিবন্ধন ও অন্যান্য দেশে নিবন্ধন প্রক্রিয়া, উদ্ভিদ সঙ্গনিরোধসংক্রান্ত শর্ত এবং রপ্তানি বিধিবিধান সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সংশ্লিষ্ট অংশীজন ও রপ্তানিকারকদের নিয়ে প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নিয়েছে ইপিবি।’
এর অংশ হিসেবে ২০২৬ সালের ৯ মে বান্দরবানের লামায় আমচাষি, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। এতে আম উৎপাদন, রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা, যথাসময়ে ফল সংগ্রহ, বাছাই ও প্যাকেজিং, সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা, ভ্যাপার ও গরম পানির মাধ্যমে শোধন, রপ্তানি প্রক্রিয়া এবং বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
মন্ত্রী আরও বলেন, ‘দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে ইপিবি একটি সমীক্ষা গ্রহণ করেছে। এ সমীক্ষায় সম্ভাবনাময় জিআই পণ্যের উৎপাদন সক্ষমতা, গুণগত মান, আন্তর্জাতিক বাজারে চাহিদা, বিদ্যমান প্রতিবন্ধকতা, মান অনুসরণের শর্ত এবং সম্ভাব্য রপ্তানি গন্তব্য চিহ্নিত করা হবে। এ লক্ষ্যে সমীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের কার্যপরিধিও চূড়ান্ত করেছে ইপিবি।’