পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন। হাতে পেয়েছিলেন নিয়োগপত্র। প্রশিক্ষণে যাওয়ার প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে বাতিল হয়ে যায় তাঁর চাকরি। পরিবারের দাবি, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বাতিলের শিকার হয়েছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষা ও আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরিতে ফেরার সুযোগ তৈরি হয়। বর্তমানে পুলিশের উপপরিদর্শক হিসেবে ময়মনসিংহ জেলার পাগলা থানায় কর্মরত রয়েছেন খান মোহাম্মদ আইনুল শাকির।
নেত্রকোনার মদন উপজেলার কদশ্রী গ্রামের সন্তান আইনুল শাকিরের জীবনের এই ঘটনা ২০০৬ সালের পুলিশ নিয়োগ বাতিলের বিতর্কিত অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে।
আইনুল শাকিরের পারিবারিক পরিচয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা মরহুম নরুন্নবী খান ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তাঁর চাচা ফজলুল হক মাসুম ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি। আরেক চাচা মকবুল হোসেন খান খোকন মাস্টার ছিলেন মদন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। অন্য চাচা আলী আকবর খান ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
পরিবারের একাধিক সদস্য বিএনপির রাজনীতিতে দায়িত্ব পালন করায় তাঁদের রাজনৈতিক পরিচয়ই আইনুল শাকিরের চাকরি বাতিলের পেছনে ভূমিকা রেখেছিল বলে দাবি তাঁর পরিবারের।
২০০৬ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শেষ সময়ে পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিতদের একজন ছিলেন আইনুল শাকির। সব ধাপ পেরিয়ে নিয়োগপত্র পাওয়ার পর তাঁর পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন বাস্তবের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। কিন্তু প্রশিক্ষণে যোগদানের মাত্র পাঁচ দিন আগে চাকরি বাতিলের সিদ্ধান্ত আসে।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তী সময়ে ২০০৬ সালে চূড়ান্তভাবে নির্বাচিত প্রায় ৬৫০ জন এসআই ও সার্জেন্টের নিয়োগ দলীয় ও রাজনৈতিক বিবেচনায় সম্পন্ন হওয়ার অভিযোগ তুলে বাতিল করা হয়।
এ সিদ্ধান্তের ফলে চাকরি হারান চূড়ান্তভাবে নির্বাচিত অনেক প্রার্থী। তাঁদের একজন আইনুল শাকির। নিয়োগপত্র পাওয়ার পরও প্রশিক্ষণে যোগ দিতে না পারায় দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে কাটে তাঁর।
পরিবারের দাবি, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে আইনুল শাকিরকে নিয়োগবঞ্চিত হতে হয়েছিল। তাঁদের মতে, যোগ্যতা ও নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর চাকরি বাতিল হওয়া ছিল হতাশাজনক।
নিয়োগ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনুল শাকিরসহ অন্য নিয়োগপ্রাপ্তরা উচ্চ আদালতে রিট করেন। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। ফলে চাকরিতে ফেরার বিষয়টি দীর্ঘদিন অনিশ্চিত থাকে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিয়োগবঞ্চিতরা নতুন করে উচ্চ আদালতে রিভিউ আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে তাঁদের চাকরিতে ফেরার পথ তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তী সময়ে আইনুল শাকির পুলিশ বাহিনীতে যোগ দিয়ে বর্তমানে ময়মনসিংহ জেলার পাগলা থানায় দায়িত্ব পালন করছেন।
আইনুল শাকিরের বড় ভাই খান মোহাম্মদ মাইনুল জাকির বর্তমানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত রয়েছেন। পরিবারের আরেক সদস্য পুলিশের দায়িত্বশীল পদে থাকলেও আইনুল শাকিরকে নিজের কর্মজীবন শুরু করতে দীর্ঘ সময় আইনি লড়াই ও অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে।
প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে চাকরি বাতিলের ঘটনা থেকে শুরু করে দীর্ঘ আইনি প্রক্রিয়া পেরিয়ে পুলিশের দায়িত্বে ফেরা—আইনুল শাকিরের কর্মজীবনের এই অধ্যায় প্রায় ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার সাক্ষী।