সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কৃষকদের জন্য সরকারি বরাদ্দের ৩২ মেট্রিকটন (৬৪৪ বস্তা) এমওপি লাল সার উত্তোলনের পরও ডিলারের গুদামে পাওয়া যায়নি। বিপুল পরিমাণ এই সার কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাহাড়া ইউনিয়নের রাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও আজমিরীগঞ্জ উপজেলা নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক বাবলু রায়ের বিরুদ্ধে। সরেজমিন অনুসন্ধানে গুদাম শূন্য পাওয়ার পাশাপাশি ডিলারপক্ষের বক্তব্যেও পাওয়া গেছে অসংগতি। একপর্যায়ে সার কোথায় গেছে জানতে চাইলে বাবলু রায় বলেন, ‘তাহলে সহজে লিখে দেন, চুরি করে সার বিক্রি করে দিছি।’
অনুসন্ধানে জানা গেছে, গত ১১ নভেম্বর সুনামগঞ্জের বিএডিসির সরকারি গুদাম থেকে বাহাড়া ইউনিয়নের রাজ এন্টারপ্রাইজের নামে বরাদ্দ করা ৩২ মেট্রিকটন এমওপি সার উত্তোলন করা হয়। তবে উত্তোলনের পর এসব সার প্রতিষ্ঠানের নির্ধারিত গুদামে না এনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বাহাড়া ইউনিয়নের প্রতাপপুরে অবস্থিত রাজ এন্টারপ্রাইজের গুদামে সরেজমিনে গিয়ে কোনো সার পাওয়া যায়নি।
এর আগেও সার কালোবাজারে বিক্রির অভিযোগে রাজ এন্টারপ্রাইজকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা কৃষি অফিস। গত জুলাই মাসেও ০.৬ মেট্রিকটন সার যথাসময়ে উত্তোলন না করে কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
এ বিষয়ে বিএডিসি গুদামের দায়িত্বে থাকা ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, রাজ এন্টারপ্রাইজের নামে বরাদ্দ থাকা ৩২ মেট্রিকটন সার উত্তোলন করে নিয়ে গেছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাবলু রায়ের কাছে সার উত্তোলনের পর কোথায় রাখা হয়েছে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ‘সার আনা হয়নি, অফিসে যোগাযোগ করেন।’ পরে সার উত্তোলনের বিষয়টি জানিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাহলে সহজে লিখে দেন, চুরি করে সার বিক্রি করে দিছি।’
অন্যদিকে রাজ এন্টারপ্রাইজের দায়িত্বে থাকা ব্যবস্থাপক রুপক রায় বলেন, ‘নৌকা যাচ্ছে, সার নিয়ে আইমু। সার না আনলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’ উত্তোলন করা সার কোথায় রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সার সুনামগঞ্জেই আছে। একসঙ্গে সব সার নিয়ে আসবো।’
এদিকে সামনে বোরো মৌসুম। এ সময় হাওরাঞ্চলের কৃষকদের সারের চাহিদা থাকে সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে সরকারি বরাদ্দের সার নির্ধারিত গুদামে না পাওয়ায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।
ঘুঙ্গিয়ার গাঁও গ্রামের বাসিন্দা ও একাধিক হাওরের কৃষক অনুপ সরকার বলেন, ‘এবার আমাদের ঘুঙ্গিয়ার গাঁও সদরে কোনো সারের ডিলার নেই। আমি ১৮ কেদার জমি চাষ করি। কিন্তু এখনো সারের কোনো সন্ধান পাচ্ছি না। কীভাবে কী করব বুঝতে পারছি না। আমাদের জন্য বরাদ্দ থাকা সারগুলো যদি কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়, তাহলে এর প্রভাব আমাদের ওপরই পড়বে। কারণ, এমনিতেই সারের খুব সংকট চলছে।’
মুক্তারপুর গ্রামের বাসিন্দা ও ছায়ার হাওরের কৃষক নীলকান্ত সরকার বলেন, ‘আমরা প্রতাপপুর, ঘুঙ্গিয়ার গাঁওসহ বিভিন্ন জায়গা থেকে সার সংগ্রহ করি। বর্তমানে সারের খুব সংকট। এর মধ্যে সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি হলে আমাদের মতো কৃষকদের মারাত্মক সমস্যায় পড়তে হবে।’
এ বিষয়ে শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় বলেন, ‘ইতিপূর্বে রাজ এন্টারপ্রাইজকে শাস্তি দেওয়া হয়েছে। ৩২ মেট্রিকটন সার এখনো আনেনি। জিজ্ঞেস করলে বলছে নিয়ে আসবে। সার উত্তোলন করলেও গুদামে নিয়ে আসেনি। তাকে আমি শোকজ করব। সার দেরিতে উত্তোলন করার কোনো সুযোগ নেই। সার না নিয়ে এলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এর আগেও জানিয়েছি।’
সরকারি বরাদ্দের ৩২ মেট্রিকটন সার উত্তোলনের পরও নির্ধারিত গুদামে পৌঁছায়নি কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ব্যবস্থা নেওয়া হলেও পুনরায় এমন পরিস্থিতি তৈরি হলো কীভাবে, তা নিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার কোথায় গেছে, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।