দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য জাতির সামনে তুলে ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, দেশের সব সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে পরিচিত করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে মণিপুরি সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জোড়ামণ্ডপে মণিপুরি মহা রাসলীলা সেবা সংঘের আয়োজনে ১৮৪তম রাস উৎসব উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টায় মণিপুরি ললিতকলা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, মণিপুরি ললিতকলা একাডেমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও প্রতিষ্ঠানটির প্রতি বিশেষ নজর দিয়েছিলেন। দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ছড়িয়ে দিতে সরকার কাজ করছে। মণিপুরি নৃত্যসহ বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, শিল্পকলা একাডেমি ও গ্রন্থাগারের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মণিপুরি নৃত্য পরিবেশনের ব্যবস্থা করা হবে। শুধু বিজয় দিবসেই নয়, জাতীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও মণিপুরি শিল্পীদের যুক্ত করা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে মণিপুরি নৃত্য পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে এসে রাখাল নৃত্য পরিবেশনা দেখে তিনি অভিভূত হয়েছেন বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। তবে শুধু পুলিশ বা জেলা প্রশাসনের ওপর নির্ভর না করে নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। মণিপুরি সম্প্রদায়ের সংস্কৃতি সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি রয়েছে। সিলেটকে পর্যটন নগরী বলা হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে সরকারি পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে।
মণিপুরি মহা রাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং কেন্দ্রীয় পরিষদ মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।