সিলেটের দক্ষিণ সুরমা বাইপাস সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী জাবের আহমদ (২৫) পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না-ফেরার দেশে চলে গেলেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত ২০ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমা বাইপাস সড়কের সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাঁদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাবেরের সঙ্গে থাকা বালাগঞ্জের বরকতপুর গ্রামের দলা মিয়ার ছেলে তুহিন আহমদ (২০)।
সেদিন আশঙ্কাজনক অবস্থায় জাবের আহমদকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।
একই সড়ক দুর্ঘটনায় উপজেলার নশিওরপুর ও বরকতপুর গ্রামের দুই তরুণের অকাল মৃত্যুতে পুরো বালাগঞ্জজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুই পরিবারসহ আশপাশের গ্রামগুলোতে এখন শুধুই স্বজনদের আহাজারি ও শোকের মাতম।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুধবার বিকেলে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাবের নামের ওই যুবকের মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। এছাড়া গত শুক্রবার ঘটনাস্থলে তুহিন নিহত হওয়ার ঘটনায়ও পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।