মৌলভীবাজারের জুড়ীতে উৎসবমুখর পরিবেশে লিজেন্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ওহিদুল ইসলাম এবং কামিনীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াছুর রহমান ময়না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল বাছিত।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনেও খেলাধুলার বিকল্প নেই।
তাঁরা তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খেলাধুলার মাধ্যমে তারুণ্যের বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার প্রত্যয় নিয়ে শেষ হয় লিজেন্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনালের আয়োজন।