সুনামগঞ্জের ছাতকে মোবাইল কোর্টের অভিযানে মেসার্স ঢাকা রয়েল বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকারির পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর থাকা, উৎপাদিত পাউরুটিতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি এবং খাদ্যপণ্য সংরক্ষণে কালিযুক্ত কাগজ ব্যবহারের দায়ে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বেকারিটির সামগ্রিক পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদিত পাউরুটিতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যায়। খাদ্যপণ্য সংরক্ষণের কাজে কালিযুক্ত কাগজ ব্যবহার এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকার কারণে অভিযানে জরমিানা করা হয়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরীফ উদ্দীন, জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।