সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিবন্ধী শিক্ষার্থী আহাদ মিয়ার ভাতার টাকা নির্ধারিত মোবাইল নম্বরে না গিয়ে অন্য একটি নম্বরে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে তিন মাসের ভাতার টাকা থেকে বঞ্চিত হয়েছেন ওই শিক্ষার্থী। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ শরীফ অভিযোগ করে বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে ভাতার টাকা পাচ্ছেন না। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে তাঁদের জানানো হয়, ভাতার কার্ড বাতিল হয়ে গেছে। পরে নতুন করে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে বলা হয়।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলে প্রথমদিকে ফিল্ড অফিসার আজহার আলী সঠিক তথ্য দিতে পারেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও তাঁদের দাবি।
পরবর্তীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই করে অভিযোগের সত্যতা স্বীকার করেন। সাংবাদিকদের সামনে ল্যাপটপে সংশ্লিষ্ট তথ্য যাচাই করে তিনি দেখান, একজন ভাতাভোগীর নির্ধারিত মোবাইল নম্বরের পরিবর্তে অন্য একটি নম্বরে ভাতার টাকা পাঠানো হয়েছে।
সমাজসেবা কর্মকর্তা বলেন, ভুক্তভোগী পরিবার নয় মাসের ভাতা পায়নি—এ তথ্য সঠিক নয়। তবে তিন মাসের ভাতার টাকা অন্য একটি মোবাইল নম্বরে চলে যাওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
কীভাবে অন্য নম্বরে টাকা গেল, তা জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের মাঠকর্মীর কাছ থেকে বিষয়টি জানতে হবে। ওই কর্মকর্তা ছুটিতে থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। পরদিন তিনি অফিসে এলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সমাজসেবা কর্মকর্তা আরও বলেন, ভাতাভোগীর মোবাইল নম্বর সংশোধন করে দেওয়া হচ্ছে। এখন থেকে ভাতার টাকা নির্ধারিত নম্বরেই যাবে।
এদিকে, সমাজসেবা কর্মকর্তার কাছ থেকে পাওয়া অন্য নম্বরটিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রাপ্য ভাতার টাকা কীভাবে অন্য মোবাইল নম্বরে চলে গেল, কার মাধ্যমে নম্বর পরিবর্তন করা হলো এবং তিন মাসের বকেয়া টাকা কীভাবে ফেরত দেওয়া হবে—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দায় নির্ধারণ এবং ভুক্তভোগী শিক্ষার্থীর বকেয়া ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।