আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর উপলক্ষে দেশীয় খেলাধুলা বা ‘কান্ট্রি গেমস’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ আয়োজন সফল করতে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় কুস্তিসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. মোহাম্মদ শাহানুর আলম বলেন, এবার জাতীয় পর্যায়ের একটি আয়োজন সুনামগঞ্জে করার সুযোগ এসেছে। কুস্তির পাশাপাশি আরও কয়েকটি দেশীয় খেলার আয়োজন থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ আগমন উপলক্ষে হারিয়ে যেতে বসা দেশীয় খেলাধুলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের জামাই। তাঁকে বরণ করে নিতে ‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা’ গানটি কোনো সাংস্কৃতিক পরিবেশনায় যুক্ত করা যেতে পারে। স্থানীয় ছেলে-মেয়েরা ঐতিহ্যবাহী পোশাকে গানটি পরিবেশন করলে আয়োজন আরও আকর্ষণীয় হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণীও উপস্থিত থাকলে তিনি আনন্দিত হবেন বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, এসআরবি-৯-এর এএসপি মো. রোকনুজ্জামান, সিলেট বিভাগের বিকেএসপির উপপরিচালক মো. শাহিনুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, বিএনপি নেতা নজরুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পঙ্কজ কান্তি দেসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।