মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে চোরাই কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি মোটরসাইকেল, চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং ওই গাড়ির ভেতর থেকে দুটি গরু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের বালাগঞ্জ উপজেলার নশিরপুর এলাকার মৃত মিন্টু সূত্রধরের ছেলে সুজন সূত্রধর সান্টু (২৮), মৌলভীবাজারের হিলালপুর এলাকার জইন উল্লাহর ছেলে শরীফ উদ্দিন ওরফে শারীফ উদ্দিন (৩৬) এবং গুজারাই এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৫)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এসআই রিপটন পুরকায়স্থ, এসআই শিপু কুমার দাশ, এসআই জয়ন্ত সরকার, এসআই হিরণ কুমার বিশ্বাস ও এএসআই জাহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত বিশেষ পুলিশ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের কালেঙ্গা এলাকা থেকে বাদীর চুরি যাওয়া ইয়ামাহা এফজেড মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের বালাগঞ্জ থানার নশিরপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ সময় গাড়িটির ভেতর থেকে দুটি গরু উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ৫টার মধ্যে মৌলভীবাজার সদর মডেল থানার টেকসালিয়া এলাকার মোহাম্মদ ইউনুস সিদ্দিকীর বাড়ির গ্যারেজ থেকে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানায় মামলা করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চুরি ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।