সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কুশিয়ারা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা কাজল মিয়ার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছেন তিনি। তাঁর এমন কর্মকাণ্ডে নদীতীরবর্তী এলাকায় বাড়ছে ভাঙন আতঙ্ক; ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজল মিয়া ও তাঁর সহযোগীরা রাতের আঁধারে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। এতে নদীতীরবর্তী প্রতাপপুর বাজার, ভেড়াডহর, মেদা বাজার ও মুছাপুর গ্রামের মানুষ নদীভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অবৈধ বালু উত্তোলনে বাধা দিতে গেলে এলাকাবাসীকে হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে গত দুই দিন আগে রাত ১২টার পর ভেড়াডহর গ্রামের পূর্ব-দক্ষিণ পাশে কুশিয়ারা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দৃশ্য দেখা গেছে। পরদিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১২টার দিকে শুরু হওয়া এই কার্যক্রম সকাল ৬টা পর্যন্ত চলে। এ সময় নদীভাঙনকবলিত এলাকা মেদা বাজার পর্যন্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। স্থানীয়দের তথ্যমতে, মেদা বাজার ও মুছাপুরসহ নদীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে নিয়মিত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। সর্বশেষ গত ২০ নভেম্বর রাত ১টার পর মেদা বাজারসংলগ্ন এলাকায় ড্রেজার চালু করে বালু উত্তোলন শুরু করলে স্থানীয়রা বাধা দেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে কাজল মিয়ার বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তিনি স্থানীয়দের হেনস্তা ও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে বালু উত্তোলনের দৃশ্য ধারণ করার সময় ড্রেজারটি কার—এমন প্রশ্ন করা হলে কাজল মিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ড্রেজার আমার, তুই কে? ক্যামেরা কেন করছিস, ভিডিও কেন করছিস?’ এ সময় ভিডিও ধারণ বন্ধ করার জন্য স্থানীয়দের হুমকি দেওয়ার দৃশ্যও স্পষ্ট দেখা যায়।

মেদা গ্রামের সাহাঙ্গীর মিয়া জানান, বাজারে যাওয়ার পথে তিনি দেখতে পান, মির্জাকান্দা গ্রামের কাজল মিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন। দীর্ঘদিন ধরেই তিনি এভাবে বালু উত্তোলন করে আসছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চিৎকার-চেঁচামেচি হয়; পরে তিনি বালু উত্তোলনে নিষেধ করে সেখান থেকে চলে আসেন। একই গ্রামের আব্দুল কাশেম অভিযোগ করে বলেন, “নদীভাঙনে মেদা বাজার ইতিমধ্যেই নদীগর্ভে চলে গেছে। আমাদের বসতবাড়ি নিয়েও এখন আতঙ্কে আছি। এর মধ্যে কাজল মিয়া মুছাপুর মৌজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত বালু উত্তোলন করছেন। এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি।”

নাম প্রকাশ না করার শর্তে মুছাপুর গ্রামের এক বাসিন্দা বলেন, “কাজল মিয়ার দাপট এখনো কমেনি। শুনেছি আজমিরীগঞ্জ থেকে কয়েকজন বিএনপির নেতার আশ্রয়-প্রশ্রয়ে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের ঘরবাড়ি ও জমিজমা সব নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। দুঃখের বিষয়, প্রভাব খাটিয়ে কাজল মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।” এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয়দের আরও অভিযোগ, রাতের আঁধারে বালু উত্তোলনে বাধা দিলে প্রাণনাশের হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এমনকি জরুরি প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না বলে দাবি তাঁদের। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে কুশিয়ারা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবিলম্বে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে সরাসরি কাজল মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কয়েকদিন আগে স্থানীয়রা আনলোড ড্রেজার আটক করেছিল, এটা ড্রেজার নয়। ড্রেজার আমি আগে চালাইতাম, এখন বাদ দিয়ে দিছি”—এ কথা বলেই ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, “কাজল গংদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ইতিপূর্বেই মামলা করা হয়েছে। তাকে ধরতে অভিযানও চালানো হয়েছে। কিন্তু পুলিশ গেলে ঘটনাস্থলে তাদের পাওয়া যায় না। তবে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে আইনের হাত থেকে ছাড় পাবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয়রা আটক করলে বেশ কয়েকজনের নামে মামলা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আবারও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। খোঁজখবর নিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

▐ এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার

জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা

জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী