প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে ‘বিরক্ত’ করছেন, একই ধরনের পরিস্থিতি ভারতে হলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসতেন কি না—এমন প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “সফর হবে, আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখনো বলেননি তিনি ভারত যাবেন না। একটি নতুন সরকারের চ্যালেঞ্জ বুঝতে হবে।”
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশকে বিরক্ত করার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে এলে একই ধরনের পরিস্থিতি তৈরি হতো কি না—সেই প্রশ্নও তোলেন তিনি।
তবে দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর সমাধান সম্ভব বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আলোচনা-আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে। দুই দেশের মধ্যে সংলাপ ও যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে।
নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সফরের তারিখ এখনই নির্ধারণের বিষয় নয়। বাংলাদেশের জন্য এবং জাতীয় স্বার্থের জন্য যা ভালো হবে, সরকার সেটিই করবে।
এদিকে গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দুই দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুই সরকার এ বিষয়ে আলোচনা করবে।