সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর দয়ার বাজারে চোর চক্রের অতিষ্ঠতায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত বাজারের দোকানপাট ও আশপাশের বাড়িঘর থেকে নগদ অর্থ ও মালামাল চুরির ঘটনায় নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয়রা। এর প্রতিবাদে আজ বাজারের ব্যবসায়ীরা টানা ২ ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে এলাকাবাসীর সাথে যৌথ প্রতিবাদ সভা করেছেন। সভা থেকে চিহ্নিত চোর বাহিনীকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
২৫শে এপ্রিল (শনিবার) দয়ার বাজার ব্যবসায়ী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দুর রহমানের পরিচালনায় বাজারের মধ্যগলিতে সকাল ১১টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী দয়ার বাজারে দীর্ঘদিন ধরে চোরের উপদ্রব চলছে। বাজারের সন্নিকটে বসবাসকারী একটি চিহ্নিত চোর চক্র সব বাধা পেরিয়ে একের পর এক চুরির তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে, যা এলাকাবাসীকে হতবাক ও আতঙ্কিত করে তুলেছে।
অনুসন্ধানে জানা যায় এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান জানান, বাজারের পাশেই কালীবাড়ি গ্রামের নইম উদ্দিনের দুই ছেলে সুমন ও ইমন, এবং ইমাম উদ্দিনের দুই ছেলে এমরান ও রাজুসহ ৮-১০ জনের একটি চক্র এসব চুরির ঘটনায় জড়িত। অভিযোগ রয়েছে যে, অতীতে এই চক্রটিকে হাতেনাতে ধরে সামাজিক বিচারের মাধ্যমে শাস্তি প্রদান এবং অভিভাবকদের জিম্মায় দিলেও তাদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না।
আয়োজিত সভায় আলোচনায় অংশ নেন বাজার কমিটির উপদেষ্টা হাজী আব্দুল বাছির, আলা উদ্দিন, তজমুল আলী, বশির মিয়া, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, উপদেষ্টা জালাল মেম্বার, সম্মানিত সদস্য হাজী আমিরুল ইসলাম, সহ-যুগ্ম সম্পাদক মাওলানা শফিকুল হক, সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক আবুল কালাম, যুবনেতা সাব উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম চেরাগ আলী, সাবেক ইউপি সদস্য নুরুজ্জামান, সদস্য সুজন মাহমুদ এমরান, আব্দুল হান্নান, ফার্মাসিস্ট সুমন ভূঁইয়া ও ব্যবসায়ী রাধা চরণ প্রমুখ।