শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী

মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) শহরের দখিনা দাওয়া হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এবারের মেধা যাচাই পরীক্ষায় অংশ নেওয়া ৬০০ শিক্ষার্থীর মধ্যে ফলাফলের ভিত্তিতে ৭০ জনকে বৃত্তি প্রদান করা হয়।

এর মধ্যে ট্যালেন্টপুলে ১৬ জন এবং সাধারণ গ্রেডে ৫৪ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক, সনদ ও নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়।

কেটিএফ সভাপতি সুজিত দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ইয়াহিয়া, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন এবং কেটিএফ সাধারণ সম্পাদক বাবুল আহমদ।

বক্তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে মেধা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক এই পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখাতে হবে এবং শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে।

কেটিএফ সহ-সভাপতি জাবির হোসেন ও ক্লাস্টার সেক্রেটারি ঝুমা রাণী নাথের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সৈয়দ আব্দুল হোসেন।

এ সময় কেটিএফ উপদেষ্টা আবুল মনসুর, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আলাউদ্দিন কবির, অংকুর কিন্ডারগার্টেনের চেয়ারম্যান আবু সাদেক, হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত এই মেধা যাচাই পরীক্ষায় উপজেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এই সম্পর্কিত আরো