শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নিষেধাজ্ঞা অমান্য করে হামলা: কুলাউড়ায় আতঙ্কে পরিবার, আহত ৭

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর ভাঙচুর এবং বসতবাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালামের পৈত্রিক বসতভিটার সীমানা নিয়ে প্রতিবেশী আরমান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ স্থানে রাস্তা রাখা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।

ভুক্তভোগী আব্দুস সালাম জানান, বিরোধপূর্ণ জায়গায় প্রতিপক্ষ সীমানা বাড়িয়ে দেয়াল নির্মাণ শুরু করলে তিনি আইনের আশ্রয় নেন। এ প্রেক্ষিতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই স্থানে নতুন কোনো নির্মাণ কাজ না করার নির্দেশ দিয়ে ১৪৪ ধারা জারি করেন।

অভিযোগ রয়েছে, আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার বিকেলে আরমান আলীর নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুস সালামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন লেচাঁন উদ্দিন (৭৪), তানজিলা বেগম (২৬), আব্দুল হাসিম চৌধুরী (৩৫), সমেজা বেগম (৪০), আছিমা বেগম, কয়েছ মিয়া ও আছমল আলী। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতরদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

এ ঘটনার পর আতঙ্কে আব্দুস সালামের পরিবারের নারী ও শিশুসহ কয়েকজন সদস্য বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ আরও রয়েছে, হামলার পর অভিযুক্তরা ফিরে গিয়ে বিরোধপূর্ণ স্থানে আদালতের নির্দেশ অমান্য করে সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এই সম্পর্কিত আরো