রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রাজু ও সম্পাদক মুকেশ

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয়ী হয়েছেন হবিগঞ্জের আমু চা বাগানের মুকেশ কর্মকার।

শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে অপর প্রার্থী নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সহসভাপতি মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা।

নির্বাচনে পাঁচ জেলার ২৩০টি চা বাগানের প্রায় ১ লাখ ৪৮ হাজার শ্রমিক ভোটার ছিলেন। এর মধ্যে মৌলভীবাজার জেলাতেই রয়েছে ১৩৫টি চা বাগান। নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। ফলে প্রায় আট বছর পর ভোটের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের সুযোগ পান চা শ্রমিকেরা।

এ নির্বাচনের মাধ্যমে দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত করে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।

এদিকে কেন্দ্রীয় নির্বাচনের পাশাপাশি মৌলভীবাজারের ১৩৫টি চা বাগানের পঞ্চায়েত নির্বাচনেও ভোটগ্রহণ হয়। এসব বাগানে বিজয়ী প্যানেলের সভাপতিদের নাম প্রকাশ করেছে জেলা প্রশাসন।

মনু-দলই ভ্যালির নির্বাচনে সভাপতি পদে মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, নারী সহসভাপতি পদে গৌরী রানী কৈরী এবং সম্পাদক পদে দুলাল ছত্রী নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, কুলাউড়া, রাজনগর, জুড়ী, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার বিজয়ীদের নাম জানানো হয়।

তবে ফলাফল ঘোষণার পর শমশেরনগর, আলীনগর ও দলই চা বাগানসহ কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগে উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নির্বাচনে বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাঁদের এ জয় সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা পূরণ ও ভাগ্য পরিবর্তনে তাঁরা কার্যকর ভূমিকা রাখবেন।

▐ এই সম্পর্কিত আরো