ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পেট্রোল নিক্ষেপ এবং ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।
রবিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল (এল-এম) আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সময়ে আধিপত্যবাদের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে। প্রতিবেশী দেশের আধিপত্য বিস্তারের কৌশল এবং বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন কিছু নয়। কমরেড তোয়াহা ও তার সমসাময়িক নেতারা স্বাধীনতার পরপরই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন।
তিনি বলেন, প্রতিবেশি দেশ প্রকাশ্যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে বিভিন্ন উপায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাওলানা ভাসানী এবং সাম্যবাদী দলের নেতারা যে রাজনৈতিক বক্তব্য ও সংগ্রামের ধারা গড়ে তুলেছিলেন, তার তাৎপর্য এখনো শেষ হয়ে যায়নি। বর্তমান প্রেক্ষাপটে এসব বক্তব্য ও সংগ্রামের গুরুত্ব আরও বেড়েছে।
কমরেড তোয়াহার রাজনৈতিক জীবন ও আদর্শের কথা স্মরণ করে রিজভী বলেন, জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি শ্রমজীবী মানুষ ও কৃষকদের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন ত্যাগী, আত্মস্বার্থহীন ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। নিজের বিশ্বাস ও আদর্শ থেকে কখনো সরে যাননি।
তিনি আরও বলেন, কমরেড তোয়াহা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতার পর তাকে নির্যাতন ও কারাবরণ করতে হয়েছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন এবং ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
রুহুল কবির রিজভী বলেন, মাওলানা ভাসানী, কমরেড তোয়াহা ও হক সাহেবসহ এসব নেতার রাজনৈতিক দর্শনে ভিন্নতা থাকলেও তারা দেশপ্রেমিক ছিলেন। তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সত্তা রক্ষায় কাজ করেছেন।
কমরেড তোয়াহার রাজনৈতিক শিক্ষা ও সংগ্রামের ইতিহাস আত্মস্থ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব শিক্ষা অনুসরণ করতে পারলে দেশের শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম আরও দৃঢ় করা সম্ভব হবে।