দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সব বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভান্ডার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এসব স্থাপনার নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিউবোর নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের পরিচালক বেগ নাসির জাহানের সই করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন স্থাপনাগুলোর বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখতে আগে জারি করা নির্দেশনাগুলো আরও জোরদার করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচ ইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নির্ধারিত দায়িত্বে নিয়োজিত কর্মচারী ছাড়া অন্য কারও প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অতিথিদের পরিচয় নিশ্চিত করে বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রের মাধ্যমে তল্লাশি করতে হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) অভ্যন্তরে বহিরাগতদের প্রবেশ কোনো অবস্থাতেই অনুমোদন করা যাবে না।
এ ছাড়া পরিচয় নিশ্চিত ও দেহ তল্লাশির পর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হলে ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে। বহিরাগতদের নাম, পূর্ণ ঠিকানা, কার কাছে এবং কী কাজে যাচ্ছেন, সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।
বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র বা অন্যান্য স্থাপনার আশপাশে অপরিচিত কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তার বিষয়ে অনুসন্ধান করতে হবে। সন্দেহজনক কোনো কিছু নজরে এলে তা স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখতে হবে এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কর্মস্থলে অবস্থানের সময় প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দৃশ্যমানভাবে পরিচয়পত্র বহন করতে হবে।
স্থাপনাগুলোর সীমানাপ্রাচীরসংলগ্ন ঝোপঝাড় পরিষ্কার এবং ওয়াচ টাওয়ারে দায়িত্ব পালন নিশ্চিত করার কথাও বলা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র, সুইচ ইয়ার্ড, ভান্ডারসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তাবাতি সার্বক্ষণিক কার্যকর রাখতে হবে। এসব স্থানে ব্যাগ বা অন্য কোনো সামগ্রী নিয়ে প্রবেশের সময় যথাযথ তল্লাশি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া দাপ্তরিক সময়ের পর বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা টহল জোরদার করতে বলা হয়েছে। তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত রেজিস্টারে দায়িত্ব পালনের বিবরণ লিপিবদ্ধ করতে হবে এবং পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নিশ্চিত করতে হবে।
সার্কুলারে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনা এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।