রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে ভুরাখালী সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভুরাখালী থেকে উপজেলা সদরগামী সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় সরেজমিনে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামটি স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও প্রয়াত জাতীয় নেতা আলহাজ আব্দুস সামাদের জন্মস্থান। হাওরবেষ্টিত এই এলাকার মানুষের উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ভুরাখালী-জগন্নাথপুর সড়ক।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় নৌকাই হয়ে ওঠে যোগাযোগের একমাত্র ভরসা। অন্যদিকে হেমন্ত ও শুষ্ক মৌসুমে ভাঙাচোরা সড়কে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

সড়কটির বেহাল দশায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে জরুরি রোগী, গর্ভবতী নারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের। মুমূর্ষু রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা শহরে নেওয়ার সময় সড়কের অসংখ্য গর্ত ও ঝাঁকুনিতে ভোগান্তি আরও বেড়ে যায়। পাশাপাশি যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা বিরাজ করলেও টেকসই সংস্কারের উদ্যোগ না থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।

এ অবস্থায় ভুরাখালীসহ আশপাশের এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে বর্ষায় পানিতে তলিয়ে যাওয়া রোধে সড়কটি উঁচুকরণ এবং দ্রুত টেকসই সংস্কারকাজ শুরু করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। জাতীয় নেতার স্মৃতিবিজড়িত এই এলাকার যোগাযোগব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

▐ এই সম্পর্কিত আরো