সুনামগঞ্জের শাল্লা উপজেলার উজানযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক সদস্যকে মনোনীত করার চেষ্টাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গ্রামের অধিকাংশ অভিভাবককে অবগত না করে এবং তাঁদের মতামত উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত বরণ তালুকদার কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ‘ডেভিল হান্ট’ মামলার আসামি সন্দীপন তালুকদার সুজনকে ওই পদে বসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ১০ নভেম্বর গ্রামের অধিকাংশ অভিভাবক হাওরে কৃষিকাজে ব্যস্ত থাকার সুযোগে মাত্র কয়েকজন অভিভাবককে নিয়ে বিদ্যালয়ে একটি সভা করেন প্রধান শিক্ষক। অভিযোগকারী নকুল চন্দ্র তালুকদারসহ বেশ কয়েকজন অভিভাবক পরে বাড়ি ফিরে জানতে পারেন, কয়েকজনকে নিয়ে সভা করে ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে রেজুলেশন সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক অজিত বরণ তালুকদার নিজের ব্যক্তিগত স্বার্থে বিতর্কিত ব্যক্তি সন্দীপন তালুকদার সুজনকে বিদ্যালয়ের সভাপতি করতে তৎপর হয়েছেন। এ উদ্দেশ্যে কয়েক দিন আগে ঘুঙ্গিয়ারগাঁও মডেল স্কুলে অধ্যয়নরত সুজনের মেয়েকে ছাড়পত্র (টিসি) এনে উজানযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। স্থানীয়রা জানান, সুজন বিভিন্ন বিদ্যালয়ে সরকারি দুধ ও বিস্কুট সরবরাহের কাজ করেন।
অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, হাওর থেকে বাড়ি ফিরে তাঁরা অধিকাংশকে না জানিয়ে সভা করার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। এ সময় অভিভাবকেরা ভিডিও ধারণের কারণ জানতে চেয়ে তা বন্ধ করতে প্রধান শিক্ষকের হাত ধরলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অভিভাবকদের আরও অভিযোগ, প্রধান শিক্ষক বিতর্কিত ওই ব্যক্তিকে নিয়ে বিদ্যালয়ে আড্ডা দেন এবং এলাকায় তাঁকে নিয়ে বেশ তৎপর রয়েছেন।
এ ঘটনায় অভিভাবকদের পক্ষে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীর অভিভাবক নকুল চন্দ্র তালুকদার গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, সন্দীপন তালুকদার সুজন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং তাঁর বিরুদ্ধে ‘ডেভিল হান্ট’ মামলাসহ রাজনৈতিক ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের সভাপতি হওয়ার উদ্দেশ্যেই ঘুঙ্গিয়ারগাঁও সদর মডেল স্কুল থেকে তাঁর মেয়েকে উজানযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সময় দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে চাকরি ছেড়ে পালিয়ে আসার বিষয়টিও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এসব অভিযোগ যথাযথভাবে তদন্ত না করে তাঁকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হলে তা নিয়ে প্রশ্ন দেখা দেবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় অভিভাবকদের মতামত ও বিদ্যালয়ের স্বার্থকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয়, রাজনৈতিক পরিচয় ও নানা বিতর্কে জড়িত কোনো ব্যক্তিকে সভাপতি করার চেষ্টা মেনে নেওয়া হবে না।
অভিযোগকারী নকুল চন্দ্র তালুকদার বলেন, প্রধান শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, এটি সত্য। তবে পরবর্তী সময়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার বিষয়টি প্রধান শিক্ষকের সঙ্গে মীমাংসা করে দিয়েছেন। বিদ্যালয়ের সভাপতি পদে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনীত করা হলে আমরা তা মেনে নেব না।
শিক্ষার্থীর অভিভাবক পিন্টু চন্দ্র দাস বলেন, কমিটি গঠনের জন্য একবার আমাকে ডাকা হয়েছিল, পরে আর ডাকা হয়নি। আমাদের স্কুলে প্রধান শিক্ষককে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। এখন শুনছি প্রধান শিক্ষক সুজনকে সভাপতি বানাতে চাচ্ছেন।
অপর অভিভাবক কঙ্কজ চন্দ্র দাস অভিযোগ করেন, প্রধান শিক্ষক অজিত বরণ তালুকদারের কথাবার্তার কোনো ঠিক নেই। সবার মতামতের কোনো স্বাধীনতা নেই; আমরা মিটিংয়ে গিয়ে উল্টো অপমানিত হয়ে এসেছি। কারও মতামতকে প্রাধান্য না দিয়ে প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে কমিটি করতে চাচ্ছেন। সন্দীপন তালুকদারের মেয়েকে হঠাৎ আমাদের স্কুলে ভর্তি করানো হয়েছে, যা আমরা জানিই না। তিনি সরকারি দুধের সাপ্লায়ার; এখন মনে হচ্ছে প্রধান শিক্ষক তাঁকে সভাপতি বানিয়ে একটি সিন্ডিকেট করতে চাচ্ছেন। এ নিয়েই গত মিটিংয়ে হাতাহাতি হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সন্দীপন তালুকদার সুজনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে প্রধান শিক্ষক অজিত বরণ তালুকদার বলেন, অভিযোগ দেওয়ার পর বিষয়টি বর্তমানে শিক্ষা কর্মকর্তার অধীনে রয়েছে। অভিভাবকদের সঙ্গে হাতাহাতির বিষয়টি স্বীকার করে তিনি জানান, গণেন্দ্র বাবুর মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে। পাশাপাশি সন্দীপন তালুকদার সুজনের সঙ্গে চা খাওয়া ও আড্ডা দেওয়ার বিষয়টিও তিনি স্বীকার করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আমাকেও অনুলিপি দিয়ে অবহিত করা হয়েছে। ইউএনও স্যারের পরামর্শক্রমে বিষয়টি তদন্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, বিষয়টি আমার জানা রয়েছে। কোনো বিতর্কিত ব্যক্তিকে স্কুল ম্যানেজিং কমিটিতে স্থান দেওয়া হবে না। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।