সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে তার অনুসারীরাই আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বর্তমান সংসদ সদস্য এমএ মালিক।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার তেতলিতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এর আগে শনিবার ভোরে তার বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।সংবাদ সাবস্ক্রিপশন
সংবাদ সম্মেলনে এমএ মালিক দাবি করেন, গত নয় মাসে সিলেট-৩ আসনে বিএনপির কোনো নেতাকর্মী প্রতিপক্ষের ওপর হামলা বা নির্যাতন চালাননি। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও কোনো হামলার ঘটনা ঘটেনি। অতীতে বিএনপি নেতাকর্মীরা নির্যাতনের শিকার হলেও তাঁরা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখেছেন বলে জানান তিনি।
নিজের বাড়িতে হামলার বিষয়ে এমএ মালিক বলেন, হামলার আশঙ্কার কথা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা হয়। ফলে আগুন লাগার পর দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যথায় পুরো বাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।
শনিবারের সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপির বিভিন্ন ইউনিটকে শান্তিপূর্ণ মিছিল ও দোয়া মাহফিল করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী মোল্লারগাঁও ও কামালবাজার ইউনিয়নে কর্মসূচি পালিত হয়। তবে কামালবাজারে হাবিবুর রহমান হাবিবের নির্দেশে মিছিলে গুলি চালানো এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
এমএ মালিকের আরও অভিযোগ, মসজিদকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগের একজন সমর্থকের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, হাবিবের অনুসারীরা নিজেরাই তাঁর বাড়িতে আগুন দিয়ে বিএনপিকে ফাঁসানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালানোর পর এখন উল্টো বিএনপির বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানোর অপচেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ নভেম্বর) দক্ষিণ সুরমায় সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এমএ মালিক ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে পৃথক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভোরে এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। একই দিন সন্ধ্যায় হাবিবুর রহমান হাবিবের বাড়িতেও হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
একই দিনে দুই রাজনৈতিক নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।