সরকারি নীতিমালা ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি উপেক্ষা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ও পুনঃভর্তি ফি আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৃহত্তর সিলেটের সমাজকল্যাণমূলক সংগঠনগুলোর নেতৃবৃন্দ। শিক্ষাকে পণ্যে রূপান্তর ও রমরমা ‘শিক্ষা বাণিজ্য’ বন্ধের দাবিতে আগামী সোমবার (৩০ নভেম্বর) সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা/প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট কল্যাণ সংস্থার (সিকস) কেন্দ্রীয় কার্যালয়ে সিকস, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ৪৮তম সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। অথচ আজ একশ্রেণির বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন ও মাদরাসায় শিক্ষা নিয়ে রমরমা বাণিজ্য চলছে। উন্নয়ন ফি, সেশন ফি ও পুনঃভর্তির নামে প্রতি বছর অভিভাবকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন টাকা আদায়ের যন্ত্রে পরিণত হয়েছে। এতে সন্তানকে স্কুলে পাঠাতে গিয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর নাভিশ্বাস উঠছে।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নির্দিষ্ট দোকান থেকে চড়া মূল্যে সহায়ক বই, খাতা, ড্রেস ও স্টেশনারি সামগ্রী কিনতে বাধ্য করছে। এমনকি কিছু প্রতিষ্ঠানে সরাসরি এসব সামগ্রী বিক্রি করে কমিশন বাণিজ্য চালানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে পরিচালিত এই অরাজকতা ও দুর্নীতি অবিলম্বে বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।
জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক এবং সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভায় যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সিবিযুকস-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ।
সভায় সাংগঠনিক কর্মতৎপরতা ও সমসাময়িক জনদুর্ভোগ নিয়ে বক্তব্য রাখেন— সিকস-এর সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস সিলেট মহানগর সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিবিযুকস বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি এম এ আলী জালালাবাদী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সোহেল আলী, সহ-অর্থ সম্পাদক পীযূষ মোদক, মো. ইকবাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, মহানগর সহ-সাধারণ সম্পাদক দীপক কুমার মোদক বিলু, সদস্য মো. জুয়েল মিয়া, মো. সাগর, সেতু রঞ্জন সরকার, নিখিলেশ তালুকদার, অজিত বিশ্বাস, মো. আফজাল হোসেন উজ্জ্বল, সাদ্দাম হোসেন, শাহেদ মিয়া, মুজাহিদ আহমদ, শ্রীকান্ত দাস, হরিমোহন রায়, সালাউদ্দিন ও ছলিমনূর প্রমুখ।