সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. রোকনুজ্জামানকে আহ্বায়ক এবং ফারুক আহমেদ জসিম রেজভীকে সদস্যসচিব করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ ও সদস্যসচিব মুনাজ্জির হোসেন সুজন স্বাক্ষরিত অনুমোদিত কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এর আগে ২০ নভেম্বর জেলা আহ্বায়ক কমিটি এ কমিটির অনুমোদন দেয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক রোকনুজ্জামান উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের বাসিন্দা। সদস্যসচিব ফারুক আহমেদ জসিম রেজভী ধর্মপাশা সদর ইউনিয়নের বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দা।
কমিটিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক জ্যেষ্ঠ নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি অনুমোদনের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। নতুন এ কমিটির মাধ্যমে ধর্মপাশায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড চাঙা হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির মূল লক্ষ্য দেশের নিজস্ব জাতীয় সংস্কৃতির চর্চা ও বিকাশ ঘটানো।