সিলেটের কোম্পানীগঞ্জে প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৭-২৮)-এর অভিষেক ও হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘প্রবাসের দূরত্ব পেরিয়ে, শিকড়ের টানে, ঐক্য, সহযোগিতা ও মানবসেবায় আমরা একসঙ্গে’—এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির যাত্রা শুরু হয়। এর ধারাবাহিকতায় নতুন নেতৃত্বের অভিষেকের পাশাপাশি হতদরিদ্র পরিবারের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। এর ফলে তাঁরা নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা অর্জনে ভূমিকা রাখতে পারবেন।
মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক আকবর রেদোয়ান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনী, কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মছব্বির, রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, আমেরিকাপ্রবাসী বিএনপি নেতা মাওলানা আব্দুর রকিব, মাওলানা ফখরুল ইসলাম মাসরুর, সমাজসেবী আসাদুল হক আসাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন মিলন, সাংবাদিক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্যসচিব গিয়াস উদ্দিন, হাফিজ জামাল উদ্দিন, মাওলানা হুসাইন আহমদ, হাফিজ মাসুম আহমদ, কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার সভাপতি এখলাছুর রহমান, ব্যবসায়ী মোর্শেদ আলম ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক লিটন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি দবির ওয়াহিদ অতিথিদের উপস্থিতির জন্য মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন।
পরে মুফতি আব্দুল মছব্বিরের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নতুন নেতৃত্বের সামাজিক ও মানবিক কার্যক্রমের সফলতা, প্রবাসী পরিবার এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।