রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় অংশ নিল ২ হাজার ১০ শিক্ষার্থী

উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষা-২০২৬ (শান্তিগঞ্জ মডেল) সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২ হাজার ১০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়। উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মোট ২ হাজার ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১০ জন পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা চলাকালে উপজেলার আব্দুল মজিদ কলেজ, পাগলা মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম ভূইয়া বলেন, মেধা যাচাই পরীক্ষা ‘শান্তিগঞ্জ মডেল’ নামে পরিচিত একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ পরীক্ষার মাধ্যমে শুধু শিক্ষার্থীদের মেধা যাচাই নয়, শ্রেণিশিক্ষকের সফলতা এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থানও মূল্যায়ন করা হয়।

তিনি জানান, একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বরকে ওই শ্রেণির মোট শিক্ষার্থীসংখ্যা দিয়ে ভাগ করে গড় নম্বর নির্ধারণ করা হয়। এতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের পাশাপাশি বিদ্যালয়ের অগ্রগতি ও শ্রেণিশিক্ষকের দায়িত্বশীলতার বিষয়টিও উঠে আসে। এ বছর পরীক্ষায় ৯৭ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি আশাব্যঞ্জক অর্জন বলে মন্তব্য করেন তিনি।

ইউএনও হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করাই এ মেধা যাচাই পরীক্ষার মূল উদ্দেশ্য। মাধ্যমিক পর্যায়ে যাওয়ার আগে এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতেই পরীক্ষাটিকে উৎসব হিসেবে গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মেধার বিকাশে ভবিষ্যতেও এ পরীক্ষা অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো