রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ফ্যামিলি কার্ডের জরিপ, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

সরকারের অগ্রাধিকারমূলক ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সিলেটের বিয়ানীবাজারে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের পরিচয়, আয়-ব্যয় ও সম্পদের বিবরণ সংগ্রহ করছেন। জরিপ কার্যক্রমে ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম কর্মসূচি ফ্যামিলি কার্ড। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর থেকে সারাদেশে এ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি পরিবারকে একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি জানান, তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় নাগরিকদের বাসায় যেতে পারেন। এ জন্য পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে। কার্ডের জন্য মনোনীত নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট নম্বরও দিতে হবে।

এ ছাড়া পরিবারের মোট সদস্যসংখ্যা, আয়-ব্যয় ও সম্পদের সঠিক বিবরণ, আবেদনকারী নারীর ছবি এবং বসতবাড়ির ছবি প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারে আর্থিক স্বস্তি আসার পাশাপাশি নারীদের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে মনে করেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে।

তথ্য সংগ্রহকারী হাফিজুর রহমান তামিম বলেন, সরকারি নির্দেশনা মেনে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ উদ্যোগে উপকার পাওয়ার আশায় আগ্রহী পরিবারগুলোও সরকারের কর্মসূচিকে স্বাগত জানিয়েছে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জরিপের সময় প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

সূত্র জানায়, দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অধীনে পরিচালিত সহায়তা কর্মসূচিগুলোকে ধীরে ধীরে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর তথ্য একটি অভিন্ন তথ্যভান্ডারে সংরক্ষণ করে যোগ্যতা যাচাই করা হবে। এরপর নির্ধারিত পরিবারের সবচেয়ে বয়স্ক নারী সদস্যের নামে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো