রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, উৎসবমুখর পরিবেশে ভোট

দীর্ঘ আট বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বিসিএসইউ) নির্বাচন-২০২৬। শনিবার সকাল ৮টা থেকে সারা দেশের চা বাগানগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে চা শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটকেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নির্বাচন সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৮ সালে গোপন ব্যালটে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৮ সালের পর আর নির্বাচন হয়নি। দীর্ঘ বিরতির পর এবার নির্বাচনের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নির্বাচনে ৬০০টির বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমলগঞ্জ উপজেলায় ২৩টি পঞ্চায়েতে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৪৩০ জন। উপজেলার ২৩টি চা বাগান নিয়ে গঠিত মনু-দলই ভ্যালি কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল।

নির্বাচন কমিশন ও শ্রম অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮২ জন ভোটার রয়েছেন। এ নির্বাচনের মাধ্যমে চা বাগানের পঞ্চায়েত কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হবে।

শ্রম অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য মহব্বত হোসাইন জানান, নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি প্যানেলে ভোট দেবেন। এর মধ্যে একটি প্যানেল কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের জন্য, একটি নিজ নিজ ভ্যালির নেতৃত্ব নির্বাচনের জন্য এবং অন্যটি সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটি গঠনের জন্য।

▐ এই সম্পর্কিত আরো