রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে আরও এক শিশুর মৃত্যু: হাসপাতালে নতুন ভর্তি শতাধিক

সিলেটে হাম ও হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছেন ১৪ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭ জন।

শনিবার (২৮ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম সন্দেহে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর বয়স মাত্র ৭ মাস। তার নাম মো. মুশাহীদ। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মো. হেলিমের ছেলে।

মুশাহীদসহ চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০ জন। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে, ১০৮ জনের। এছাড়া সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৫ জনে। এর মধ্যে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯৭৩ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। তাদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯২, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ৪ জন ভর্তি হয়েছেন। এ সময়ে সুনামগঞ্জের কোনো হাসপাতালে হাম সন্দেহে রোগী ভর্তি হননি।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫১৯ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৯ এবং বেসরকারি হাসপাতালে ৮০ জন চিকিৎসা নিচ্ছেন।

▐ এই সম্পর্কিত আরো