সিলেটের গোয়াইনঘাটে শিলং তীর জুয়া খেলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন নম্বর লেখা একাধিক মুড়ি বই জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই সিএনজি স্ট্যান্ডসংলগ্ন জসিম উদ্দিনের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তিতারাই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে জসিম উদ্দিন (৪২) এবং পূণানগর উত্তর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে মোশারফ (৩১)। এ সময় ইউসুফ (৪০) নামে আরও এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই মিজানুর রহমান ও এসআই (নিরস্ত্র) সুবিনয় বৈদ্য সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন নম্বর লেখা একাধিক মুড়ি বই জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ২৮ নভেম্বর সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ২৫। গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (২৮ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।