ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাছ ধরার টেটার উপর্যুপরি আঘাতে হানিফা বেগম (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চর দুর্লভ গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের আবদুল হান্নানের সঙ্গে লাল মিয়ার পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে এ বিরোধকে কেন্দ্র করে আবদুল হান্নানের ছেলে জামাল উদ্দিন (৪০) তার বাবার পক্ষ নিয়ে চাচা লাল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসা হানিফা বেগমকে টেটা দিয়ে উপর্যুপরি আঘাত করে আহত করা হয়। স্থানীয়রা জানান, জামাল উদ্দিনের সম্পর্কে চাচি হন হানিফা বেগম।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার পর বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক হানিফা বেগমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন (পিপিএম) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত। ওসি জানিয়েছেন, ঘাতক জামাল উদ্দিনকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।