সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬-এর আওতায় আটজন উদ্যোক্তার মধ্যে ১৫ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ বাজারসংলগ্ন কর্মসংস্থান ব্যাংকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কর্মসংস্থান ব্যাংকের শান্তিগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক রৌশন আরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সোনালী ব্যাংকের শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিখিলেশ তালুকদার রাজু, কৃষি ব্যাংকের ডুংরিয়া শাখার ব্যবস্থাপক রবীন্দ্র কুমার দাশ এবং শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আটজন উদ্যোক্তার হাতে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক রৌশন আরা বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ ঋণ কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তারা মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের সুযোগ পাবেন।