সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।