জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সরকার। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সন্তান।
জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণের লক্ষ্যে দেশের ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় যুবদলের ২২ নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন।
গত ২১ নভেম্বর কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় প্রকাশিত ওই তালিকায় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে মাহবুবুর রহমান সরকারকে।
এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় সুনামগঞ্জ ও জামালগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাহবুবুর রহমান সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।