রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জে এক নদী থেকে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুট এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী মর্টগেজ সম্পত্তি: ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধানে সিটি ব্যাংকের এমডি . অযাচিত চাপমুক্ত পরিবেশে গভর্নরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে: আহসান এইচ মনসুর ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ সিলেটে ৫ ডিসেম্বর মাদ্রাসাতুল হুদার বার্ষিক ওয়াজ মাহফিল মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত সিলেটে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার গোয়াইনঘাটে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে এক নদী থেকে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুট

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারার দোহাই দিয়ে সীমানার বাইরের মরাচেলা নদী ও নদীতীরের ফসলি জমি কেটে প্রকাশ্যে লুট করা হয়েছে কোটি কোটি টাকার বালু। এতে ভাঙনের হুমকিতে পড়েছে ছয়টি গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি ও ধর্মীয় প্রতিষ্ঠান।

এমন হরিলুটের ঘটনায় মামলা হলেও শর্ত ভঙ্গের অভিযোগে ইজারাদারের বিরুদ্ধে ইজারা বাতিল, জরিমানা কিংবা জামানত বাজেয়াপ্তের মতো কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

চলতি অর্থবছরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদীর বালুমহাল ২৩ কোটি ৭৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। ইজারাদার হিসেবে রয়েছেন শাহ্ রুবেল আহমদ।

অভিযোগ উঠেছে, এই ইজারাকে কাজে লাগিয়ে সীমানার বাইরে মরাচেলা নদী ও নদীতীরবর্তী বিভিন্ন স্থানে দিনরাত ড্রেজার ও সেভ মেশিন বসিয়ে নদীর পার কেটে বালু তোলা হয়েছে। এতে পূর্ব সোনাপুর, উত্তর সোনাপুর, শাহআরফিন পাড়া, হাবিবনগর, সোনাপুর ও চারগাঁও গ্রাম ভাঙনের মুখে পড়েছে। ঝুঁকিতে রয়েছে দীর্ঘদিনের পুরোনো মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান।

মরাচেলা নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয় লোকজন ও বালু শ্রমিকসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মাত্র ১০ দিনে ওই এলাকা থেকে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা।

সরেজমিন পূর্ব সোনাপুর এলাকায় গেলে সেখানকার মসজিদের ক্যাশিয়ার মো. আব্দুল হাকিম আক্ষেপ করে বলেন, ‘আমাদের গ্রামে প্রায় ৬০ বছরের পুরোনো মসজিদ-মাদ্রাসাসহ চারটি প্রতিষ্ঠান রয়েছে। অথচ এসব প্রতিষ্ঠানের রক্ষক হওয়ার কথা যাদের, তারাই এখন ভক্ষক হয়ে উঠেছেন। নদীতীরবর্তী যে জমিতে আমরা ফসল ফলাতাম, ড্রেজার দিয়ে বালু তুলতে তুলতে সেই জমি পুরোপুরি বিলীন করে দেওয়া হয়েছে। সরকার ইজারা দিয়েছে মূল নদী, অথচ ইজারার দোহাই দিয়ে নদীর পার ও ফসলি জমি কেটে নেওয়া হয়েছে।’

প্রভাবশালীদের নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, ‘কাঁচা টাকার লোভে এলাকার অনেক মানুষ বালু লুটে সহযোগিতা করছে। বাকি মানুষ প্রতিবাদ করতে পারছে না, আবার এই ক্ষতিও নীরবে সহ্য করতে পারছে না। ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।’

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারা অনুযায়ী, নদীর তীরভাঙনের আশঙ্কা তৈরি হয় কিংবা পরিবেশ ও ফসলি জমির ক্ষতি হয়– এমন স্থানে এবং নিষিদ্ধ ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এ শর্ত ভঙ্গ করলে জেলা প্রশাসক ইজারা বাতিল, প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত এবং জামানত বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায় করতে পারেন। এ ছাড়া ১৫ ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

পাশাপাশি ২০২৬ সালের ইজারা চুক্তির ৯ নম্বর শর্তে সূর্যাস্তের পর বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। ১৯ নম্বর শর্তে অনুমতি ছাড়া ড্রেজার ব্যবহার নিষিদ্ধ এবং ১৮ ও ২৩ নম্বর শর্তে শর্ত ভঙ্গ করলে ইজারা বাতিল ও ক্ষতিগ্রস্ত স্থানীয়দের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার বলেন, ‘মরাচেলা নদীতে বালু লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর পাঁচ কোটি টাকার মামলা দিয়েছে, কিন্তু সেখানে আরও বেশি টাকার বালু লুট হয়েছে। ইজারাদার নির্দিষ্ট এলাকা থেকে বালু তোলার অনুমতি নিয়েছেন; সেখানে বা আশপাশে ড্রেজার দিয়ে পার ও জমি কেটে বালু তুললে এর দায় তিনি এড়াতে পারেন না। শ্রমিকদের বিরুদ্ধে মামলা হলেও ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বালু লুট ঠেকানো যাচ্ছে না।’

অভিযোগের বিষয়ে ইজারাদার শাহ্ রুবেল আহমদ বলেন, ‘নদীতে পানি কমে যাওয়ায় বর্তমানে বালু উত্তোলন প্রায় বন্ধ রয়েছে। নদী খননের জন্য এক্সক্যাভেটর (ভেকু) ব্যবহার করা হচ্ছে। এখন প্রতিদিন মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা রয়্যালটি আদায় হচ্ছে, আমরা নিজেরাই ক্ষতির মধ্যে আছি। ইজারাধীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটেনি। বরং মরাচেলা নদীতে পার কাটার বিষয়ে এক মাস আগেই আমি নিজে লিখিত আবেদন করে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম।’

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, ‘চেলা ও মরাচেলা নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় ইজারাবহির্ভূত এলাকায় পার কেটে বালু উত্তোলন করতে দেখেছি। ইজারাদার তখন দাবি করেছিলেন, ওই লুটের বালুর রয়্যালটিও তারা পাননি। এ কারণে মামলায় ইজারাদারকে আসামি করা যায়নি।’

ইজারা নীতিমালা লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, ‘ইজারাধীন বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত তদারক করা হচ্ছে এবং সীমানার বাইরে কেউ বালু তোলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের সময় ঘটনাস্থলে যাদের পাওয়া যায়, তাদেরই শাস্তির আওতায় আনা হয়। তবে ইজারা নীতিমালার ব্যত্যয়ের বিষয়ে ইজারাদারকে কারণ দর্শানোর (শোকজ) দায়িত্ব রাজস্ব বিভাগের। আমার জানামতে, ইজারাদারকেও শোকজ করা হয়েছে।’

▐ এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে এক নদী থেকে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুট

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

মর্টগেজ সম্পত্তি: ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধানে সিটি ব্যাংকের এমডি

. অযাচিত চাপমুক্ত পরিবেশে গভর্নরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে: আহসান এইচ মনসুর

ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ

সিলেটে ৫ ডিসেম্বর মাদ্রাসাতুল হুদার বার্ষিক ওয়াজ মাহফিল

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান

ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

সিলেটে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

গোয়াইনঘাটে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ