শারীরিক প্রতিবন্ধকতা স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না—এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত হাসনাত। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে বিএড ডিগ্রি অর্জন করে অবশেষে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন তিনি। নবম গ্রেডে তাঁর এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রতিকূলতার কাছে হার না মানা মানুষের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১২ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ২৯ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা নবম গ্রেডের প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাঁদের নিজ নিজ কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
২০০১ সালের ব্যাচের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত হাসনাত দীর্ঘ কর্মজীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় তাঁকে হুইলচেয়ারের সাহায্য নিতে হয়। এর পাশাপাশি বিএড ডিগ্রি সম্পন্ন না হওয়ায় দীর্ঘদিন আটকে ছিল তাঁর কাঙ্ক্ষিত পদোন্নতি। তবে শারীরিক সীমাবদ্ধতা কিংবা বয়সের কাছে হার মানেননি তিনি। দীর্ঘ প্রচেষ্টা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্প্রতি বিএড ডিগ্রি সম্পন্ন করেন। অবশেষে পূরণ হয় তাঁর দীর্ঘদিনের স্বপ্ন, অর্জন করেন নবম গ্রেডে পদোন্নতি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিয়াকত হাসনাত বলেন, জীবনের প্রতিটি অর্জনের পেছনে কিছু সংগ্রাম ও ত্যাগ থাকে। শারীরিক সীমাবদ্ধতার কারণে পথচলাটা তাঁর জন্য কিছুটা কঠিন ছিল। বিএড ডিগ্রি অর্জন ও কাঙ্ক্ষিত পদোন্নতি পাওয়া ছিল দীর্ঘদিনের স্বপ্ন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছাড়েননি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দিত ও কৃতজ্ঞ। এই পথচলায় যাঁরা তাঁকে সাহস, উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। তাঁর বিশ্বাস, দৃঢ় মনোবল ও ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই মানুষকে থামিয়ে রাখতে পারে না।
প্রিয় শিক্ষকের এমন অর্জনে আনন্দিত ও গর্বিত তাঁর সাবেক শিক্ষার্থীরা। এ উপলক্ষে তাঁরা লিয়াকত হাসনাত স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাবেক শিক্ষার্থীরা বলেন, লিয়াকত স্যারের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রতিকূলতার কাছে হার না মানা সব মানুষের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জীবন তাঁদের শেখায়, স্বপ্নপূরণের জন্য শারীরিক সক্ষমতার চেয়েও মনের শক্তি, দৃঢ়তা ও অধ্যবসায় অনেক বেশি গুরুত্বপূর্ণ।
লিয়াকত হাসনাতের এই অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।