সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ কলকলিয়া-চণ্ডিডহর সড়কের জগদীশপুর সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটির মাঝখানে ফাটল, দেবে যাওয়া অংশ ও ভাঙা রেলিং নিয়ে চরম ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করছে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত টমটমসহ বিভিন্ন যানবাহন। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তিন উপজেলার হাজার হাজার মানুষ।
স্থানীয় এলাকাবাসী ও যাত্রীদের সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সংযুক্ত এই সড়ক ও সেতুটি শুধু জগন্নাথপুর উপজেলার মানুষের জন্যই নয়, পার্শ্ববর্তী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের শেষাংশ এবং শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের মানুষেরও যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন এ সেতু দিয়ে যাতায়াত করেন তিন উপজেলার বিপুলসংখ্যক মানুষ। সেতুটি পার হয়েই তাঁরা জেলা শহর সুনামগঞ্জ, বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকায় যাতায়াত করেন।
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সেতুটির মাঝখানের অংশ দেবে গেছে। সেখানে সৃষ্টি হয়েছে ফাটল। পাশাপাশি সেতুর রেলিং ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক এমরান হোসেন বলেন, কলকলিয়া-চণ্ডিডহর সড়কের অবস্থা এমনিতেই বেহাল। এর ওপর জগদীশপুর সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কখন কী ঘটে, তা একমাত্র আল্লাহই জানেন। জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই সেতুটি পার হতে হচ্ছে।
জগদীশপুর গ্রামের স্থানীয় সালিশি ব্যক্তি আজাদ মিয়া তালুকদার ও একাধিক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, গাড়ি উঠলেই মনে হয় এই বুঝি ভেঙে পড়বে। প্রতিদিন জীবন হাতে নিয়ে সেতু পার হতে হচ্ছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা জরুরি।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, জগদীশপুর সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে তাঁরা অবগত রয়েছেন। জনদুর্ভোগ লাঘবে সেতুটি দ্রুত নতুন করে নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে এবং তিন উপজেলার মানুষের নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত সেতুটি নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।