মৌলভীবাজার জেলার জুড়ীতে পুলিশের পৃথক অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাকটেকা এলাকার দিলীপ দাশের ছেলে দীপক দাশ (২৮) ও সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন এলাকার মঈন উদ্দিনের ছেলে তানিম হোসেন (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল ও মাজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর ভবানীপুর এলাকায় কলেজ রোডের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন তানিম হোসেনের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলার অন্য একটি স্থানে অভিযান চালিয়ে দীপক দাশকে আটক করা হয়। দুইজনের কাছ থেকে মোট ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে আটক দুইজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।