সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিন-বিন-কাশেম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব-বিন-আমিনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বনাথ পৌরসভার নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা ও সেবা নিয়ে আলোচনা করা হয়। আলোচনার মধ্যে ছিল অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি হ্রাস, নাগরিকসেবার মানোন্নয়ন, পৌরসভার সীমানা পুনর্নির্ধারণ, ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বল্প সময়ের জন্য দেশে আসা প্রবাসীদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও নামজারিসহ বিভিন্ন নাগরিকসেবা দ্রুত নিশ্চিত করা।
এ ছাড়া পৌর শহরের যানজট নিরসন, অবৈধ স্থাপনা ও স্ট্যান্ড উচ্ছেদ, বাসিয়া নদী ময়লা-আবর্জনামুক্ত রাখা এবং নদী খননকাজ নিয়মিত তদারকির বিষয়েও আলোচনা হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়নে প্রশাসনের প্রতি জোর দাবি জানান কমিটির নেতৃবৃন্দ।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাহিন-বিন-কাশেম প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ পৌরসভার নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গৌছ খান, সদস্য আবু বক্কর সিদ্দিক, ডাক্তার চেরাগ আলী, আব্দুল মতিন, আব্দুল হান্নান, আব্দুল খালিক, আব্দুল মালিক, তাজ উদ্দিন, হেলাল মিয়া মেম্বার, মবশ্বির আলী, মফিক মিয়া, মোহাম্মদ শাহজাহান, হেলাল মিয়াসহ আরও অনেকে।