‘কর্মমুখী সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের রাধারমণ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রৌয়াইল-হিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নজরুল ইসলাম নাজু। গীতা পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক আতিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মঞ্জুর আলম, জগন্নাথপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী সতীশ গোম্বামী, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্যসচিব ও জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুর্শেদুল আলম, সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতির সহসভাপতি মো. নূরুজ্জামান, রৌয়াইল-হিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, বনগাঁও গুচ্ছগ্রাম আশ্রয়ণ সমবায় সমিতির মো. সুজন মিয়া, জগন্নাথপুর পৌরসভা চুক্তিভিত্তিক কর্মচারী সমবায় সমিতির মো. নিজাম উদ্দিন এবং চারুয়াবিল মৎস্যজীবী সমবায় সমিতির সৈয়দ আব্দুল আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) শেখ ফরিদসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার অন্যতম কার্যকর মাধ্যম। দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে সমবায় সমিতিগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনসহ অতিথিরা।