সিলেটের কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।
শুক্রবার থেকে রোববার পর্যন্ত উপজেলার থানা বাজার, টুকেরবাজার, ভোলাগঞ্জ বাজার, দয়ার বাজার ও কলাবাড়ী এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
এতে অংশ নেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মঈন উদ্দিন মিলন, সহসভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নোমান আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল ও মো. তাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক তারিকুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. মানিক মিয়া।
লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এর সামনের দোকানপাট, পথচারী ও রোগীর স্বজনদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, কোম্পানীগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তারা আরও বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।