সুনামগঞ্জের ধর্মপাশা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে ধর্মপাশা থানা প্রাঙ্গণে থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও নির্মূলে করণীয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিকেরা। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “মাদক ও জুয়ার ব্যাপারে কেউ তদবির করলে সেটা ভুল হবে। মাদক, জুয়াসহ কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস করব না।” তিনি ধর্মপাশা উপজেলায় সব ধরনের অপরাধ প্রতিরোধ ও নির্মূলে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় প্রথমে বক্তব্য দেন সাংবাদিক এমারুল হক, সাকিন শাহ, আরিফ আহমেদ, ইসাক মিয়া,সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, উজ্জ্বল সরকার,ইমাম হোসেন, সাদ্দাম হোসেন, দিপু নূরী, মহিউদ্দিন আরিফ, চয়ন কান্তি দাস, সাজিদুল হক রনি, রবি মিয়া, সাইফুল ইসলাম, নির্মল চন্দ্র সরকার ও সোহান আহমেদসহ স্থানীয় সাংবাদিকেরা।