সিলেটের বিয়ানীবাজারে ১৫ বছর বয়সী এক নিখোঁজ কিশোরকে মাদ্রাসা শিক্ষকের কক্ষ থেকে উদ্ধারের পর বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলাম উদ্দিন (৩৭) নামের ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর থেকে ওই কিশোর নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছিল। দুই দিন পর সোমবার (১৩ অক্টোবর) স্থানীয়রা একটি বাসার কক্ষে কিশোরের সন্ধান পান। ওই কক্ষে শিক্ষক ইসলাম উদ্দিনের সঙ্গে তাকে পাওয়া যায় বলে অভিযোগ উঠে। পরে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন।
ভুক্তভোগী কিশোরের পরিবারের দাবি, নিখোঁজ থাকার সুযোগে কিশোরকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।