বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
advertisement
সিলেট বিভাগ

মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

একটি সমাজ বদলে দিতে সব সময় বড় বাজেট কিংবা বিশাল আয়োজনের প্রয়োজন হয় না। কখনো কখনো ছোট্ট একটি ঘর, কয়েকটি বই আর একজন মানুষের অদম্য স্বপ্নই হয়ে উঠতে পারে সমাজ পরিবর্তনের অনুঘটক। মৌলভীবাজারের কুলাউড়া শহরের ব্যস্ত সড়কের পাশে তেমনই এক আলোকিত উদ্যোগের নাম ‘আদর্শ পাঠাগার’। আর এ উদ্যোগের নেপথ্যের মানুষ শিক্ষক, লেখক ও সাংবাদিক মো. খালিক উদ্দিন।

বাইরে শহরের কোলাহল, ভেতরে বইয়ের পাতায় ডুবে থাকা পাঠক। যখন তরুণ প্রজন্মের অবসরজুড়ে মুঠোফোনের পর্দার আধিপত্য, তখন বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নীরবে কাজ করে যাচ্ছেন খালিক উদ্দিন। তাঁর বিশ্বাস, বই কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়; এটি মানুষের চিন্তা, মনন ও মূল্যবোধ গঠনের অন্যতম হাতিয়ার।

২০১৯ সালের ১ অক্টোবর পারিবারিক শিক্ষা সহায়তা সংগঠন ‘আহমদ জে. সোহান ফাউন্ডেশন’-এর সহযোগিতায় কুলাউড়া শহরে যাত্রা শুরু করে আদর্শ পাঠাগার। হাতে গোনা কয়েকটি বই, ছোট্ট একটি ঘর আর বুকভরা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এ পথচলা। তবে শুরুর দিনগুলো সহজ ছিল না। অর্থনৈতিক সীমাবদ্ধতার পাশাপাশি অনেকের মনেই প্রশ্ন ছিল—মুঠোফোনের এই যুগে মানুষ কি আর বই পড়বে?

কিন্তু নিজের বিশ্বাস থেকে সরে আসেননি খালিক উদ্দিন। তাঁর ধারণা, মানুষের ভেতরের জ্ঞানের তৃষ্ণা কখনো মরে না; প্রয়োজন শুধু সেই তৃষ্ণাকে জাগিয়ে তোলা। এ লক্ষ্যেই তিনি ছুটে গেছেন স্কুল থেকে স্কুলে, কলেজের শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রাঙ্গণে। শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন বই, বুঝিয়েছেন বই পড়ার আনন্দ ও প্রয়োজনীয়তা। তাঁর আহ্বান ছিল সহজ—একটি বই পড়ে দেখুন, হয়তো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে।

ধীরে ধীরে তাঁর সেই আহ্বানে সাড়া দিতে শুরু করেন পাঠকেরা। ছোট্ট পাঠাগারটি ক্রমেই হয়ে ওঠে বই পড়ার অভ্যাস গড়ে তোলার একটি সামাজিক উদ্যোগ।

বইপড়াকে উৎসবে রূপ দেওয়া

আদর্শ পাঠাগারকে শুধু বই ধার দেওয়া কিংবা পড়ার জায়গা হিসেবে সীমাবদ্ধ রাখেননি খালিক উদ্দিন। বই পড়াকে আনন্দময় ও আকর্ষণীয় করে তুলতে প্রতিবছর আয়োজন করেন ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসব’। এ আয়োজনে একই কাতারে শামিল হন মা-মেয়ে, বাবা-ছেলে, শিক্ষক ও শিক্ষার্থী। বইকে কেন্দ্র করে তৈরি হয় প্রজন্মের মধ্যে সংযোগ, পারস্পরিক উৎসাহ ও জ্ঞানচর্চার পরিবেশ।

এ উৎসব এখন আর কেবল প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই; বইবিমুখ প্রজন্মকে বইয়ের কাছে ফিরিয়ে আনার এক মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে আটটি বিশেষ ইভেন্টের মাধ্যমে প্রায় ২ হাজার ৭০০ পাঠককে বই পড়ার সঙ্গে যুক্ত করেছেন খালিক উদ্দিন। পাঠকদের উৎসাহিত করতে দেওয়া হয়েছে নগদ অর্থ, বৃত্তি, বই ও শিক্ষা উপকরণ। তাঁর প্রত্যাশা, একটি বই পড়ার আনন্দ থেকেই তৈরি হবে আরেকটি বই পড়ার আগ্রহ।

বই পড়ার পাশাপাশি বই উপহার দেওয়াকেও নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন তিনি। এ পর্যন্ত প্রায় ছয় হাজার বই বিনামূল্যে মানুষের হাতে তুলে দিয়েছেন। তাঁর কাছে প্রতিটি বই কেবল কাগজের মলাটে বাঁধা কিছু পৃষ্ঠা নয়; বরং নতুন চিন্তা, জ্ঞান ও সম্ভাবনার দুয়ার।

শিক্ষকতার পাশাপাশি বইয়ের ফেরিওয়ালা

খালিক উদ্দিন পেশায় একজন শিক্ষক। তিনি কুলাউড়ার স্বনামধন্য ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত। নিজের কর্মস্থলের গ্রন্থাগারে বই দেওয়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের গ্রন্থাগারেও ব্যক্তিগত উদ্যোগে বই সরবরাহ করেছেন। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে শিক্ষকদের গ্রন্থাগারমুখী কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

বর্তমানে আদর্শ পাঠাগারের দুটি শাখা রয়েছে। দুই শাখা মিলিয়ে বইয়ের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০। তবে পাঠকের চাহিদার তুলনায় এ সংগ্রহ অপ্রতুল। প্রতিদিন নতুন পাঠক আসছেন, খুঁজছেন নতুন বই। কিন্তু অর্থের সীমাবদ্ধতায় চাহিদা অনুযায়ী বই সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। পাঠাগারটির সামনে এখন এটিই বড় চ্যালেঞ্জ।

খালিক উদ্দিন বলেন, ‘এই পাঠাগারের নিজস্ব কোনো আয় নেই। সরকারি-বেসরকারি কোনো নিয়মিত সহযোগিতাও নেই। নিজের সামর্থ্য ও কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় যতটুকু পারছি, চালিয়ে যাচ্ছি। সরকারি কিংবা বেসরকারি যেকোনো উৎস থেকে সহযোগিতা পাওয়া গেলে বই পড়ার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করা সম্ভব হতো। এতে আরও অনেক পাঠক তৈরি হতেন।’

আলোকিত সমাজ গড়ার স্বপ্ন

সমাজের বিত্তবান ও প্রবাসীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে পাঠাগারটির প্রতিষ্ঠাতা বলেন, ‘আমি পেশায় একজন শিক্ষক। শিক্ষার্থীদের কখনো শুধু পাঠ্যবইয়ে আটকে রাখতে চাইনি। আমি এমন একটি ঘর তৈরি করতে চেয়েছি, যেখানে বই থেকে বিচ্ছিন্ন মানুষ আবার বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে। সেই সম্পর্কের মধ্য দিয়ে একজন পাঠক মেধাবী হওয়ার পাশাপাশি সুনাগরিক হিসেবেও গড়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের সামর্থ্য থাকলে আদর্শ পাঠাগারের এই অগ্রযাত্রার সঙ্গী হোন। নিজ নিজ এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের পাঠাগার প্রতিষ্ঠা করে তরুণ প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করুন। এতে সমাজ আলোকিত হবে, মানুষের মধ্যে অপরাধপ্রবণতা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।’

বহুমাত্রিক পরিচয়ের আড়ালে এক স্বপ্ন

শিক্ষকতার পাশাপাশি খালিক উদ্দিন দৈনিক আগামীর সময় ও দৈনিক যুগভেরীর কুলাউড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্পাদনা ও প্রকাশনা করেন ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সংকলন ‘দর্পণ’। লেখালেখির সঙ্গেও যুক্ত তিনি। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর দুটি প্রবন্ধগ্রন্থ—‘অনুভব’ ও ‘প্রেরণার গল্প’। এ ছাড়া ইংরেজি ভাষা শিক্ষাবিষয়ক তাঁর একটি বইয়ের নাম ‘The Art of English Language’।

শিক্ষক, সাংবাদিক, লেখক ও সম্পাদক—পরিচয়ের এই বহুমাত্রিকতার মধ্যেও খালিক উদ্দিনের কাছে সবচেয়ে বড় স্বপ্ন আদর্শ পাঠাগারের মাধ্যমে বইয়ের আলো ছড়িয়ে দেওয়া। মুঠোফোনের পর্দায় যখন সময় কাটানোর প্রবণতা বাড়ছে, তখন বইয়ের পাতায় নতুন প্রজন্মকে ফিরিয়ে আনার তাঁর এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি ইতিবাচক সামাজিক উদ্যোগ।

একটি ছোট্ট পাঠাগার থেকে শুরু হওয়া এ যাত্রা কত দূর এগোবে, তা নির্ভর করবে পাঠকের আগ্রহ, সমাজের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ওপর। তবে খালিক উদ্দিনের স্বপ্ন স্পষ্ট—বই পড়ুক মানুষ, সমৃদ্ধ হোক চিন্তা, গড়ে উঠুক জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ১০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে

বিশ্বনাথে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিল সরুয়ালা ফাউন্ডেশন

কানাইঘাট মিনি স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করলেন মাহমুদা সুলতানা

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল, সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

সিলেটে হাম নিয়ে হাসপাতালে ভর্তি ১২৪

শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা