সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার মান্নারগাঁও, দোয়ারাবাজার সদর ও নরসিংপুর ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে আয়োজিত অবহিতকরণ প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের প্রতিপাদ্য—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এর অন্যতম লক্ষ্য নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলা।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের আর্থসামাজিক অবস্থাসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ জন্য সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তথ্য সংগ্রহের কাজে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস ব্যবহার করা হবে এবং সংগৃহীত তথ্য অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে।
তথ্যপত্রে উল্লেখ করা হয়, পরিবারের আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—বিভিন্ন শ্রেণিতে পরিবারকে বিবেচনা করা হবে। ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে নারী পরিবারপ্রধানদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে উপকারভোগী নির্বাচনে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার শর্ত অনুসরণ করা হবে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, প্রেসক্লাবের সদস্য মো. আবু কাহার হৃদয়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।