সুনামগঞ্জের মধ্যনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) মধ্যনগর উপজেলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।