সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা নির্বাচিত হন।
অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন), সহসভাপতি পদে বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম।
সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নবনির্বাচিত এই কমিটির মাধ্যমে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।