সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয়দের আপত্তির মুখে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করেছেন আয়োজকেরা।
সোমবার বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে সিলেটের জারা স্পোর্টিং ক্লাব ও দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি হওয়ার কথা ছিল।
আয়োজকদের ভাষ্য, স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে খেলাটি বন্ধের দাবি জানান। পরে পুলিশও খেলা স্থগিত করার পরামর্শ দিলে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আয়োজকেরা ম্যাচটি স্থগিত করেন।
স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রাকিব আহমেদ বলেন, সোমবার বিকেলে দিরাই স্টেডিয়ামে সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মেয়েদের সঙ্গে তাঁদের দলের প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। জারা দলের খেলোয়াড়েরা রোববার দিরাইয়ে পৌঁছান। তবে রাতে তাঁরা জানতে পারেন, কয়েকজন ব্যক্তি ইউএনও কার্যালয়ে গিয়ে খেলা বন্ধের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “সোমবার সকালে ইউএনও সাহেব বলেছেন, যেহেতু দুটি পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলাটি আয়োজন করা হলে ভালো হয়। পরে পুলিশের পক্ষ থেকেও খেলা স্থগিত করতে বলা হয়। তাই বাধ্য হয়ে খেলাটি স্থগিত করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দা মাওলানা শরিফ উদ্দিন বলেন, “আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা হবে। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনো ফুটবল খেলা হয়নি। স্থানীয় কিশোরীরা ফুটবল খেলেছে, তখন আমরা বাধা দিইনি।”
তিনি আরও বলেন, খেলাধুলার বিরুদ্ধে তাঁরা নন; তবে খেলার নামে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কায় তাঁরা আপত্তি জানিয়েছেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, “চার-পাঁচ দিন আগে রাকিব আহমেদ নামের একজন এসে জানিয়েছিলেন, মাঠে কিশোরীদের ফুটবল খেলা হবে। এখন শুনছি, খেলার জন্য স্পনসর নেওয়া নিয়ে কিছুটা সমস্যা আছে। পাশাপাশি স্থানীয় কিছু লোক নারীদের এই খেলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।”
ইউএনও বলেন, “যেহেতু দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলাটি আয়োজন করতে বলা হয়েছিল। পরে আয়োজকেরা জানিয়েছেন, বিশৃঙ্খলা এড়াতে তাঁরা নিজেরাই খেলাটি স্থগিত করেছেন।”