মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় শ্রেষ্ঠত্বের পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত সীমান্ত

চলতি বছরেই শাল্লা উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত হয়েছেন সীমান্ত তালুকদার সুমন। তিনি শাল্লা উপজেলার শান্তিপুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একই বছরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত হওয়ায় শাল্লার শিক্ষা অঙ্গনে আনন্দের পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

জানা গেছে, গতকাল ২১ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক চিঠিতে জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সীমান্ত তালুকদার সুমনের মনোনয়নের বিষয়টি প্রকাশ করা হয়। ওই চিঠিতে জেলার অন্যান্য গুণী শিক্ষকদের নামও উল্লেখ করা হয়েছে।

জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত হওয়ার অনুভূতি জানতে চাইলে সীমান্ত তালুকদার সুমন সুনামগঞ্জের খবরকে বলেন, আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমার কাজের স্বীকৃতিস্বরূপ এর আগে আমি শাল্লা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলাম। আর এখন জেলা পর্যায়ে গুণী শিক্ষকের তালিকায় স্থান পেয়েছি—এটি আমার জন্য নিঃসন্দেহে এক বড় আশীর্বাদ ও আনন্দের বিষয়।

আমি বিশ্বাস করি, স্বীকৃতি কেবল একটি সম্মাননা নয়; এটি একজন মানুষকে আরও ভালোভাবে কাজ করা, দায়িত্বশীল হওয়া এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার অনুপ্রেরণা দেয়। এই পথচলায় যাঁরা আমাকে সবসময় উৎসাহ, সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এই সম্মাননা আমার একার নয়। এর সঙ্গে আমার পরিবারের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা এবং শাল্লাবাসীর অকুণ্ঠ সমর্থন জড়িয়ে আছে। তাই এই সম্মাননা আমি আমার পরিবার এবং প্রিয় শাল্লাবাসীর প্রতি উৎসর্গ করছি। সবশেষে সবার কাছে আমার একটাই অনুরোধ—আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যেন ভবিষ্যতেও নিষ্ঠা ও সততার সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যেতে পারি।

এই সম্পর্কিত আরো