সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী দাসের অবসরোত্তর বিদায়, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা এবং নতুন হলরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল খায়ের সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন জনি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংবর্ধিত শিক্ষক বিজন বিহারী দাস, বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, চিকিৎসক মাশুক আহমদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও যুক্তরাজ্যপ্রবাসী হিফজুর রহমান হিরন মিয়া, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল গাফ্ফার, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা বেগম, দাতা সদস্য আজাদ মিয়া তালুকদার ও জাকুয়ান কোরেশীসহ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও দাতা সদস্যরা।
বক্তারা বিজন বিহারী দাসের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর সততা, নিষ্ঠা ও পরিশ্রমে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে গেছে। তাঁর অবদান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিদায়ী শিক্ষক বিজন বিহারী দাস বলেন, শিক্ষকতা তাঁর কাছে শুধু পেশা নয়, জীবনের একটি ব্রত ছিল। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সহযোগিতাকে তিনি জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে আর্থিক ও বিভিন্নভাবে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ আজীবন দাতা সদস্য ও তাঁদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এর আগে অতিথিরা ফিতা কেটে বিদ্যালয়ের নতুন হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন হলরুম চালু হওয়ায় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন আরও সুন্দরভাবে করা সম্ভব হবে বলে জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক মণ্ডলী এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক বিজন বিহারী দাসকে উপহারসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।